চিংড়ির কোপ্তা: রুচির রাজ্যে এক অনন্য স্বাদ | Prawn Kofta Curry
চিংড়ির কোপ্তা, বাঙালি রন্ধনশৈলীর এক অভিনব ও লোভনীয় পদ। সাধারণ কোপ্তা বলতেই অনেকের মাথায় আসে মাংস বা সবজির বল – কিন্তু চিংড়ির কোপ্তা একেবারেই আলাদা। ছোট চিংড়ি মাছ বেটে মসলা মিশিয়ে তৈরি হয় গোল গোল বল, যা পরে সুস্বাদু ঝোলে রান্না করা হয়। এই ঝোলটি হয় মশলাদার, কিন্তু তাতে থাকে এক ধরনের মোলায়েমতা, চিংড়ির নিজস্ব ঘ্রাণ ও স্বাদে সমৃদ্ধ।দেখে নেই তাহলে কি কি লাগছে, এই রান্না করতে।
উপকরণ
১. চিংড়ি- ১/২ কেজি২. বড় পেঁয়াজ- ৩ টা
৩. কাঁচা মরিচ- ৪ টা
৪. পাউরুটি- ছোট এক টুকরা
৫. ডিম- ১ টা
৬. ঘি- ২ টেবিল-চামচ
৭. সরিষার তেল- ২ টেবিল-চামচ
৮. গরম মশলা- ২ চা-চামচ
৯. হলুদ- পরিমাণ মত
১০. আদা- পরিমাণ মত
১১. নারিকেলের দুধ- দেড় কাপ
১২. ধনে পাতা কুচি- পরিমাণ মত
প্রস্তুত প্রণালী
চিংড়ি পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করুন। ঠাণ্ডা হলে বেটে নিন। এতে পরিমাণ মত লবণ, দুটো মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি, এক টুকরা পাউরুটি (ভিজিয়ে চিপে নিতে হবে) ও ডিম মেশান। মিশ্রিত উপকরণ দিয়ে ১২ টি গোলা তৈরী করুন ও ঘি এ অথবা তেলে ভাজুন। কোপ্তা রান্না করতে হলে বাকি মশলা ও ১ টি পেঁয়াজ মিহি করে বাটুন। কড়াইতে পরিমাণ মত তেল দিয়ে গরম করুন। যথেষ্ট গরম হলে বাটা মশলা দিয়ে কষান। মশলা কষাবার সময় প্রয়োজন মত পানি ব্যবহার করুন। মশলা ভাল মত কষা হলে নারিকেল দুধ দিন ও প্রয়োজন মত লবণ দিন। পরে এতে কোপ্তা দিন। ঝোল পরিমাণ মত ঘন হলে নামিয়ে ফেলুন।চিংড়ির কোপ্তা শুধুই যে মুখরোচক, তা নয় – এটি পুষ্টিগুণেও ভরপুর। চিংড়িতে রয়েছে প্রোটিন, আয়রন, জিঙ্ক ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা শরীরের জন্য উপকারী। বিশেষ করে যারা মাংস খেতে চান না, তাদের জন্য চিংড়ির কোপ্তা হতে পারে এক দারুণ বিকল্প।
ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করলে এটি যে কোনো খাবারের টেবিলকে রাজকীয় করে তোলে। উৎসব, অতিথি আপ্যায়ন কিংবা রবিবারের বিশেষ দুপুর – চিংড়ির কোপ্তা সব সময়েই মন জয় করে। এ যেন এক পদের মধ্যে স্বাদ, ঘ্রাণ আর ঐতিহ্যের মেলবন্ধন।
