কিমা কাবাবের মূল উপাদান হল ঝরঝরে মশলায় মাখা গরু বা খাসির কিমা। পুরোনো ঢাকা থেকে কলকাতার নাখোদা লেন—অঞ্চলভেদে মসলার মাত্রা বদলে যায়। কিন্তু ধোঁয়া ওঠা চারকোলের ঘ্রাণ আর নরম দানা কিমার স্বাদ একই থাকে।
জেনে নেই তাহলে, কিমা কাবাব তৈরি করতে কি কি লাগছে
উপকরণ
১. মাংসের কিমা- ১ কেজি
২. বুটের ডাল- ২৫০ গ্রাম
৩. আদা-রসুন বাট- ২ চা চামচ
৪. শুকনা মরিচ- পরিমাণ মত
৫. পেঁয়াজ বড় সাইজের- ৪।৫ টা
৬. গরম মশলা- পরিমাণ মত
৭. কাঁচা মরিচ চাক করে কাট- ৭/৮ টা
৮. লেবুর রস- ২/৩ টা
৯. জিরা গোলমরিচের গুড়া- পরিমাণ মত
১০. মুরগীর ডিম- ২ টা
১১. লবণ- পরিমাণ মত
প্রস্তুত প্রণালি
কিমা ও ডাল পরিষ্কার করে ধুয়ে নিন। পরিমাণ মত পানি, আদা-রসুন বাটা, শুকনা মরিচ, গরম মশলা, লবণ সহ কিমা ও ডাল সিদ্ধ করুন। পানি শুকিয়ে মাংস ও ডাল সিদ্ধ হলে কিমা চুলা থেকে নামিয়ে পাটায় বা মিক্সারে ভাল মত পেস্ট করে নিন। এখন এই পেস্ট কিমা ও ডাল এর সাথে জিরা, গোল মরিচের গুড়া এবং ফেটানো ডিম ভাল মত মেখে নিন।
অপর দিকে চাক করে কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ, লেবুর রস, লবণ এক সাথে ভাল করে মেখে পুর তৈরী করে রাখুন। এবার ফেটানো ডিম ও জিরা গোলমরিচ দিয়ে মেখে রাখা পেস্ট মাংস-ডাল দিয়ে সাইজ মত গোলা তৈরী করুন। লেবুর রস, কাঁচা মরিচ ও কাঁচা পেঁয়াজের পুর ভেতরে দিয়ে গোস্তের গোলাগুলো চেপ্টা করে ঘি বা তেল-এ বাদামী করে ভেজে ফেলুন। ইচ্ছা করলে পেঁয়াজ, লেবুর রস ও কাঁচা মরিচের বদলে বেরেস্তা ও কিশমিশের পুর দিতে পারেন। মাংসের কিমার বদলে মাংস ছোট ছোট টুকরা করে ডাল সহ সিদ্ধ করে নেওয়া চলে।
গরম নান, পরোটা বা ধোঁয়া ওঠা বাসমতি পোলাওয়ের পাশে লেবুর রস, কাঁচা পেঁয়াজ ও টক দইয়ের চাটনি কাবাবের মশলার তীব্রতা ভারসাম্য দেয়। আজকাল স্বাস্থ্য সচেতন ভোজনরসিকরা এয়ার ফ্রায়ার ব্যবহার করে কম তেলে রান্না করছেন। তবুও কাঠকয়লার হালকা ধূসর ধোঁয়া ছাড়া কিমা কাবাবের জাদু সম্পূর্ণ হয় না। প্রোটিন সমৃদ্ধ, দ্রুত প্রস্তুতযোগ্য এই কাবাব ভোররাতের গভীর ক্ষুধা থেকে উৎসবের শীর্ষ পদ—সব ক্ষেত্রেই রাজা।
